দেলদুয়ারে ট্রাক চালক খুন, গ্রেফতার ২
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৫
অবশেষে দেলদুয়ারে ছিনতাই হওয়া ট্রাক চালকের খুনের রহস্য উদ্্্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরও ৬ আসামি পলাতক রয়েছে। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ চান মিয়া জানান, ৩১ মার্চ সন্ধ্যা ৭ টায় দিনাজপুর থেকে ১৭৮ বস্তা সরিষা নিয়ে ট্রাক চালক সাইদুল ইসলাম ফেনীর মেসার্স রানী ওয়েল মিলের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার টাঙ্গাইল নাগরপুর সড়কের দেলদুয়ারের এলাসিন সানবাড়ী নামক স্থানে ঐ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় যাওয়া যায়। ২ দিন সেখানে ট্রাকটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। চালকের পেছনে রাখা স্টীলের বাক্স থেকে ট্রাক চালক সাইদুল ইসলামের গলিত লাশ উদ্ধার করা হয়। ঐদিন সন্ধ্যায় দেলদুয়ারের ছিলিমপুর বাজারের তেল ব্যবসায়ী গোলাম মোস্তফার গোডাউন থেকে ১৭৮ বস্তা সরিষা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে অন্য কোথাও চালককে খুন করে সরিষা ভর্তি ট্রাক এখানে এনে সরিষা বিক্রি করে ট্রাক ফেলে চলে যায় ঘাতকরা। ধারণা করা হচ্ছে ট্রাকের হেলপারকে খুন করে অন্য কোথাও ফেলে রাখা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে টাঙ্গাইলের চর পাকুল্লা গ্রামের আব্দুল কদ্দুস (৫০) ও ফজল মিয়া (৫৫)।