ক্ষেতলালে অপহরণের দেড় মাসেও স্কুল ছাত্রী উদ্ধার হয়নি
ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৭
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিদ্যালয় পড়ুয়া ছাত্রী অপহরণের দেড় মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। এ মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি উপজেলার বড়াইল গ্রামের মৃত ইসাহাক আলীর পুত্র কামরুল হাসান।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার বড়াইল গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রী বিদ্যালয়ে যাবার পথে ভাসিলা তিন মাথার কাছ থেকে অপহূত হয়। ছাত্রিটির পিতা গত ১৬ ফেব্রুয়ারি ক্ষেতলাল থানায় শিশু ও নারী অপহরণ আইনে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ক্ষেতলাল থানা পুলিশ গত ১৮ ফেব্রুয়ারি বড়াইল গ্রামের মৃত ইসাহাক আলীর পুত্র কামরুল হাসানকে (৩২) গ্রেফতার করে। মামলার মূল আসামি বড়াইল গ্রামের আফজাল হোসেনের পুত্র জনি মণ্ডলকে (১৮) পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
ক্ষেতলাল থানার অফিসার্স ইনচার্জ রমজান আলী বলেন, ওই মামলায় এক আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, ছাত্রীটিকে উদ্ধারে সোর্স লাগানো হয়েছে, এক সপ্তাহের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।