কোটালীপাড়ার তরমুজ চাষিরা মেঘ দেখলেই আঁতকে ওঠে
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৮
মেঘ দেখলেই আঁতকে ওঠে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ফুট ও তরমুজ চাষিরা। গেল বছর ফুট ও তরমুজ উত্তোলনের মাত্র ১০ দিন আগে প্রবল বর্ষণে তলিয়ে যায় ক্ষেত। সেই স্মৃতি মনে করে আজও অনেক চাষি আঁতকে ওঠেন।
এ বছর কলাবাড়ী ইউনিয়নে সাড়ে ৪ শ’ হেক্টর জমিতে ফুট ও তরমুজ চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ বছরও গেল বছরের মতো এলাকায় ফুট ও তরমুজের বাম্পার ফলন হয়েছে বলে স্থানীয় চাষিরা জানিয়েছে। গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে এলাকার চাষিরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে।
কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমার ইউনিয়নে বছরে প্রায় ৫০ কোটি টাকার ফুট ও তরমুজ উত্পন্ন হয়। স্থানীয় কালিগঞ্জ বাজারে চৈত্রের মাঝামাঝি থেকে ফুট ও তরমুজ বিক্রি শুরু হয়। কিন্তু এ বছর ক্ষেতে ফুট ও তরমুজের চাষ একটু দেরীতে শুরু হয়েছে। গত বছর ফুট ও তরমুজ উত্তোলনের আগ মুহূর্তে হটাত্ বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এ বছর এলাকার কৃষকরা আতংকে দিন কাটাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ নাথ বিশ্বাস বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ ফুট ও তরমুজ উত্পাদন হয় কলাবাড়ী ইউনিয়নে। এখানের উত্পাদিত ফুট ও তরমুজ ঢাকা, খুলনা, ফরিদপুর, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এলাকার ফুট ও তরমুজ চাষিরা গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।