কর্তৃপক্ষের ভুলের কারণে
সেনবাগে পরীক্ষা দিতে পারেনি শিরিন আক্তার
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৮
মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলের কারণে গত সোমবার থেকে শুরু হওয়া আলিম পরীক্ষায় অংশ নিতে পারেনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ রাব্বানিয়া মাদরাসার মেধাবী ছাত্রী শিরিন আক্তার। সে বিগত দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছিল। প্রবেশপত্রে ছবি ও নাম শিরিন আক্তার লেখা থাকলেও ঠিকানা, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে অন্য আরেক শিরিন আক্তারের। অথচ এ শিরিন আক্তার বর্তমানে লেখাপড়া করছে না।
উপজেলার বীজবাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের মেয়ে মেধাবী ছাত্রী শিরিন আক্তার এ বছর বীজবাগ রাব্বানিয়া মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
পরীক্ষার ৪দিন আগে সে প্রবেশপত্র পায়। সেখানে ছবি ও মূল নাম তার হলেও ঠিকানা ও রোল, রেজিস্ট্রেশন নম্বর থাকে অন্যজনের। মাদ্রাসার অধ্যক্ষ বিষয়টি ঠিক করে দিবে জানিয়েও ব্যর্থ হন।
মাদরাসার অধ্যক্ষ ওবাদুল হক জানান, বিষয়টি তিনি লিখিতভাবে গত ২৬ মার্চ মাদরাসা শিক্ষাবোর্ডে চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে জানান। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করেনি।