কক্সবাজারে ছিনতাইকারী দলের গ্যাং লিডার আটক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৮
কক্সবাজার শহরের সমুদ্র সৈকত এলাকার ছিনতাইকারী দলের গ্যাং লিডার শাহাদাত হোসেন ওরফে মুন্না ওরফে মুনিয়াকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হোটেল-মোটেল জোনের নিটল বে রিসোর্ট-এর সামনে থেকে মুনিয়া ডাকাতকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, শাহাদাত হোসেন ওরফে মুন্না ওরফে মুনিয়া ডাকাত শহরের বাহারছড়া এলাকার হাজী আবু শামার ছেলে এবং বিএনপি নেত্রী ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার বকুলের ছোট ভাই। মুনিয়া ডাকাতের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে।