ধুনটে পায়ের রগ কেটে স্ত্রী হত্যার চেষ্টা

বগুড়ার ধুনটে পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে পাষণ্ড স্বামী। আহত স্ত্রী জামফুল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার পাকুড়িহাটা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে জামফুলের সাথে ২০ বছর পূর্বে খোকশাহাটা গ্রামের জিল্লার রহমানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো এবং স্ত্রীকে মারধর করতো। এরই এক পর্যায়ে গত শুক্রবার সকালে জিল্লার রহমান বটি দিয়ে তার স্ত্রীর পায়ের রগ কেটে দেয়। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে আহত জামফুলকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত সোমবার রাতে জামফুলের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর স্বামী পলাতক।