গোদাগাড়ীর মেয়রসহ জামায়াত নেতারা কর্মস্থলে অনুপস্থিত

রাজশাহীর গোদাগাড়ী পৌর মেয়রসহ শীর্ষ কয়েকজন শিক্ষক জামায়াত নেতা ১ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। গ্রেফতারের ভয়ে আত্মগোপন করে থাকলেও এই নেতারা কর্মস্থলে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ সহিংসতার অভিযোগে গোদাগাড়ী পৌর মেয়র ও জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলামকে প্রধান আসামী করে ৪টি মামলা হয়। পলাতক হলেও কিন্তু পৌরসভার দাপ্তরিক কাগজপত্রে ও ব্যাংকের চেকে তিনি সই করছেন। এদিকে মেয়র মুহাম্মদ আমিনুল ইসলামের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তদন্ত দল গঠন করেছে। অভিযোগে প্রকাশ, গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর গোলাম মোর্ত্তজা, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা জামায়াত পশ্চিম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশানের সভাপতি ও সাবেক ছাত্র শিবির নেতা কামারুজ্জামান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড জামায়াত সভাপতি শওকত আলী, জামায়াত নেতা শোয়াইবুর রহমান প্রমুখ স্ব স্ব কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।