বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁঁশখালী উপজেলায় রবিবার গভীর রাতে ডাকাতের গুলিতে মো. আমিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সেন্টারপাড়া পাহাড়ি এলাকার পাদদেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে দুর্গম পাহাড়ে মো. আমিনের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টাকালে মো. আমিন বাধা দেওয়ায় ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে। নিহত মো. আমিন ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী মাহবুব আলমের ছেলে মো. আরিফের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করলেও ডাকাত দলের গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন জানান, সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ডাকাত দলের আস্তানা চিহ্নিত করতে ওই এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চলছে।