পীরগাছায় টিসিবির পণ্য জব্দ আটক দুই

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুতকৃত টিসিবির পণ্যসহ দুজনকে আটক করেছে প্রশাসন। এ ঘটনায় সোমবার দুপুরে মাহিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে একটি গোডাউনে টিসিবির বিভিন্ন ধরনের পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাহিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় এক লাখ ১৪ হাজার টাকার মালামাল উদ্ধার করে। এ ঘটনায় পণ্য উদ্ধার হওয়া গোডাউনের মালিক কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও জামাতা নুরে আলমকে আটক করা হয়েছে।

কল্যাণী ইউপি চেয়ারম্যান নুরে আলম জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা লক্ষাধিক টাকার টিসিবির পণ্য উদ্ধার করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারে বিক্রির জন্য মজুতকৃত টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাহিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।