নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪০
গ্যাসের চাপ বাড়ানো ও লাইনের সংস্কারের দাবিতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও তিতাস গ্যাসের অফিসের সামনে সভা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ১৫নং ওয়ার্ডের লোকজন। পরে তারা শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রি-বিউশন- এর আঞ্চলিক অফি-সের সামনে বিক্ষোভ সমাবেশ করে সঙ্কট নির-সনের দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে।
সকাল ১১টায় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এলাকার বিক্ষুব্ধ জনতা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস অফিসের সামনে আসে। সেখানে বিক্ষুব্ধরা সমাবেশ করে।
সমাবেশে অসিত বরণ বিশ্বাস ও জাহাঙ্গীর আলম বলেন, ১৫ নং ওয়ার্ডের আওতাভুক্ত ডালপট্টি, বংশাল, বঙ্গবন্ধু রোড, মিনাবাজার, টানবাজার, নয়ামাটি, সিটি কলোনী, চেম্বার রোড, পুরাতন পালপাড়া, মীরজুমলা রোড, সিরাজুদ্দৌলা রোড, শায়েস্তা খান রোডসহ সর্বত্র গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। প্রায় ৩০/৩৫ বত্সর পূর্বে নারায়ণগঞ্জ শহরে গ্যাস সরবরাহ শুরু হয়। এই দীর্ঘ সময়ে গ্যাস সঞ্চালন লাইন জরাজীর্ণ হয়ে গ্যাস লাইনের বিভিন্ন অংশে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্রযুক্ত গ্যাস লাইন বিভিন্ন জায়গায় ড্রেনের ভিতর দিয়ে যাওয়ায় ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা পানি গ্যাস লাইনে প্রবেশ করে গ্যাস সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ১৫ নং ওয়ার্ডসহ সিটি করপোরেশনবাসী এই অবস্থা থেকে মুক্তি চায়।