ভূঞাপুরে প্রাচীন মন্দির পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪১
ভূঞাপুরের ফলদা বাজারে সোমবার মধ্যরাতে পেট্রোল ঢেলে শত বছরের পুরানো কালীমন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসাদ নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার ফলদা বাজারের ১১৯ বছরের পুরানো মন্দিরে সোমবার রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃৃত্তরা। এসময় মন্দিরের পাশের দোকানে ঘুমিয়ে থাকা একব্যক্তি আগুনের শিখা দেখে চিত্কার করতে থাকে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। মন্দিরের ৪টি বড় মূর্তিসহ ছোট ছোট অনেক মূর্তি ও পূজার প্রয়োজনীয় উপকরণ পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রামের মোতালেব সরকারের ছেলে ছাত্রদল কর্মী আসাদকে আটক করে।