ধুনটে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীদের বিক্ষোভ

বগুড়ার ধুনটে রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে উক্ত কর্মসূচি পালন করে। প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষকের বিরুদ্ধে যৌন অভিযোগ পাওয়ার পর বিষয়টি ম্যানেজিং কমিটিকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ৭ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।