জামায়াত এমপির এলাকা হলেও নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৩
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, সারাদেশে বিএনপি ও জামায়াত-শিবির যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। সাতকানিয়াও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি বিএনপি জামায়াতের চেয়ে বেশি। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সংখ্যালঘু নির্যাতন, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারে হামলা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলাসহ সাতকানিয়ায় জামায়াত-শিবিরের নারকীয় তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত সভায় মন্ত্রী আরও বলেন, সাতকানিয়ায় জামায়াতের এমপি আছেন বলে পুরো দেশ কি জামায়াতের? সংখ্যালঘু সমপ্রদায়ের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। সাতকানিয়া কি জামায়াতকে ইজারা দেয়া হয়েছে? আর যদি ইজারা দেয়া না হয় তাহলে মা বোন ও সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা বজায় রাখতে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলমের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য চেমন আরা তৈয়ব এমপি, চট্টগ্রাম-১৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য হাসিনা মান্নান এমপি প্রমুখ।
এর আগে মন্ত্রী দুপুর সাড়ে বারোটার দিকে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার উপজেলার চরতী ইউনিয়নের সুইপুুরায় অবস্থিত রূপনগর সুদর্শন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। কর্মীসভা শেষে মন্ত্রী সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট এলাকায় ডলু নদীর উপর ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।