গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৪
গ্রেফতার হওয়া ব্লগারদের মুক্তি দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ অন্য ব্লগারদের বেঁধে দেয়া সময়ে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমাবেশের পর শিক্ষার্থীরা তাদের সহপাঠী সুব্রত অধিকারীরসহ ব্লগারদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যান। এরপর সহপাঠীর দ্রুত মুক্তির বিষয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে গিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বাংলা বিভাগের শিক্ষক রফিকউল্লাহ খান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা বেশি ছিল; কিন্তু তারা হতাশ করেছে। তিনি বলেন, এই সরকার নাকি ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। অথচ আমি প্রযুক্তি ব্যবহার করে মত প্রকাশ করব, তাও এখন পারা যাচ্ছে না।
বাংলা বিভাগের শিক্ষক সাইদুর রহমান অবিলম্বে সুব্রত অধিকারী শুভকে মুক্তি দেয়ার দাবি জানান।
অর্থনীতি বিভাগের শিক্ষক শফিকুজ্জামান অভিযোগ করে বলেন, সরকার পক্ষান্তরে হেফাজতে ইসলামকে সমর্থন দিয়েছে। এ সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে সুব্রতর মুক্তির দাবি জানান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ব্লগ হচ্ছে মানুষের সৃষ্টিশীলতার জায়গা। সেখানে মানুষ সৃষ্টিশীলতাই চর্চা করে। আমরা মনে করেছিলাম, এই সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সরকার; কিন্তু ব্লগারদের গ্রেফতারের মাধ্যমে মনে হয়, তারা হেফাজতে ইসলামের কাছে নতি স্বীকার করেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, সমাজ বিজ্ঞানের মশিউর রহমান, বাংলা বিভাগের শিক্ষক মেহের নিগার, নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন।
অনলাইন এক্টিভিস্টদের
সংহতি সমাবেশ
এদিকে গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তি দাবি করে শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা গতকাল বিকালে রাজু ভাস্কর্য চত্বরে সংহতি সমাবেশ করেছে।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার ভোটের রাজনীতির হিসাব কষতে গিয়ে আজ নিরীহ ব্লগারদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এদেশে বিভিন্ন সরকারের আমলে যখন সম্পদ লুণ্ঠন হয়েছে, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি হয়েছে, তখন তো কোনো আন্দোলনে হেফাজতকারীদের দেখা গেল না। সরকার হেফাজতের নেতাদের ঠাণ্ডা করার জন্য ব্লগারদের গ্রেফতার করছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ব্লগারদের মুক্তি দেয়ার জন্য তিনি সরকারকে আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক শাহীন রেজা নূর, অঞ্জন রায়, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রফিকউল্লাহ খান, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক মাসুদুজ্জামান, অধ্যাপক গোলাম রব্বানী, শান্তনু মজুমদার, কাবেরী গায়েন প্রমুখ।