খালেদা জিয়া যশোর পৌঁছেছেন, আজ সাতক্ষীরা যাবেন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৪
সাতক্ষীরায় গত মাসের প্রথম পক্ষে পুলিশের গুলিতে নিহত ১৩ জনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনের উদ্দেশে গতকাল রাতে যশোর পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যশোর সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে আজ পূর্বাহ্নে কলারোয়া হয়ে সাতক্ষীরা যাবেন তিনি। দুুপুরে কলারোয়া হাইস্কুল মাঠে নিহত পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করবেন এবং স্থানীয় বিএনপি আয়োজিত একটি শোকসভায় বক্তব্য দেবেন। এরপর বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি শোক সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। গতকাল বিকাল ৪টায় গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।