লংমার্চে বাধা দিলে আগুন জ্বলবে
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৪
আগামী শনিবার ঢাকা অভিমুখী লংমার্চে সরকার কোনো ধরনের বাধা দেয়ার কিংবা কর্মসূচি বানচালের চেষ্টা করলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে তারা সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উল্টো দিকের একটি গলিতে লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত এক প্রচার সমাবেশ থেকে সংগঠনের নেতারা সরকারের উদ্দেশে এই সতর্ক বাণী উচ্চারণ করেন।
এদিকে, হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চ ও সমাবেশ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে সদ্যগঠিত ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি’। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক, লেখক ও কবি ফরহাদ মজহার বলেন, ‘এই কর্মসূচি নির্বিঘ্নে পালন বাংলাদেশের নাগরিকদের মানবিক ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। কর্মসূচিতে কোনো ধরনের সংঘাত ও বা অশান্তি সৃষ্টি হলে এই সরকারকে দায় বহন করতে হবে। তাদের যাত্রাপথ বাধাহীন ও নির্বিঘ্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মুসাফিরদের থাকা, খাওয়াা ও পানি খরচের উপযুক্ত ব্যবস্থা করুন।
বায়তুল মোকাররমের সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের উপদেষ্টা আবদুল লতিফ নেজামী বলেন, সরকারকে বলতে চাই-অনুমতি দেয়া নিয়ে টালবাহানা করবেন না। লংমার্চের অন্যতম সমন্বয়কারী মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণ লংমার্চ-মহাসমাবেশ করতে চাই। কিন্তু বাধা দেয়া হলে বা সমাবেশের অনুমতি না দিলে সারা দেশে আগুন জ্বলবে। সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।