দিনাজপুরে ৬৬ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা

জামায়াত-শিবির কর্তৃক দেশব্যাপী মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের সময় দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার হাজীর মোড়ে পুলিশ-শিবিরের মধ্যে সংঘর্ষে ১৭ পুলিশ আহত হয়। মারাত্মকভাবে আহত হয় দিনাজপুর পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুস সবুর। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিরিরবন্দর থানার এএসআই আব্দুল মমিন বাদী হয়ে মঙ্গলবার রাতে উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আফতাবউদ্দীন মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুত্ফর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত্ হোসেনসহ জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে বহু অজ্ঞাতনামা দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতে স্কুল শিক্ষক সাখাওয়াত্ হোসেন (৩২) ও ওষুধ ব্যবসায়ী সৌরভকে (৩৫) আটক করে গতকাল বুধবার কোর্টে চালান দেয়। আহত শিবির কর্মী মোফাজ্জল হোসেন (২৮) রংপুর হাসপাতালে চিকিত্সাধীন। তাকেও আটক দেখানো হয়েছে। এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। ঘোড়াঘাটে দ্রুত বিচার আইনে ২ মামলায় ৯৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জামায়াত-শিবির ক্যাডারদের বিরুদ্ধে ২টি দ্রুত বিচার আইনের মামলায় ৯৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করা হয়েছে। বিচারক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ৯৪ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন। চান্দিনায় ৭ জামায়াত-শিবির কর্মীকে আদালতে সোপর্দ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কমিল্লার চান্দিনায় পুলিশ আটককৃত সাত জামায়াত-শিবির কর্মীকে আদালতে সোপর্দ করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।