নীলফামারী জেলায় একই নিয়মে তারাবির নামাজ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলায় একই নিয়মে তিন হাজার ৪শ ৬৩টি মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে তারাবির নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন স্ব স্ব মসজিদের হাফেজরা।

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জেলার ৩৪৬৩টি মসজিদের মধ্যে নীলফামারী সদরে ৮৩৩টি, জলঢাকায় ৬৭৬টি, সৈয়দপুরে ৩৭০টি, ডোমারে ৪৭৫টি, কিশোরগঞ্জে ৫৭৩টি এবং ডিমলায় ৫৫৬টি মসজিদ রয়েছে।

রমজানের প্রথম ছয়দিন দেড় পাড়া করে নয় পাড়া এবং ২৬ রমজান রাত (২৭তম রজনী) পর্যন্ত এক পাড়া করে পড়ে কোরআন খতম করা হবে। 

জাতীয় ইমাম সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাওলানা মোহাম্মদ আশরাফুল হক নুরী জানান, তারাবির নামাজে একই নিয়মে কোরআন তেলাওয়াতের ফলে মুসল্লিরা যে মসজিদে নামাজ আদায় করুক না কেন সম্পূর্ণ কোরআন শুনতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মারুফ রায়হান জানান, ইতোমধ্যে কার্যালয় থেকে জেলার সকল মসজিদে তারাবির নামাজে একই নিয়মে কোরআন তেলাওয়াত সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।