রামুর ক্ষতিগ্রস্ত মন্দিরে বুদ্ধমূর্তি দিল থাইল্যান্ড
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২২:২৮
রামু, উখিয়া এবং পটিয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দিরগুলোতে থাইল্যান্ড ৩৫টি বুদ্ধমূর্তি দিয়েছে। বুদ্ধমূর্তিগুলো গতকাল বুধবার রামু কেন্দ্রীয় সীমা বিহারে সংরক্ষণ করা হয়েছে।
থাইল্যান্ডের বৌদ্ধ ধর্ম সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক থাই সংঘরাজ ভিক্ষু, মহাসভার মহাসচিব ফ্রাথেপ বিশুদ্ধি কবি এবং মেজর জেনারেল তংকাউয়ের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত বছরের ১৫ ডিসেম্বর রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লী পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের আর্থিক ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সাহায্যের পাশাপাশি বৌদ্ধ বিহারগুলোর জন্য বুদ্ধমূর্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। রামু পরিদর্শনের তিন মাস পর তারা ৩৫টি বুদ্ধমূর্তি পাঠালেন। সংশিষ্টসূত্রে জানা যায়, আগামী মে মাসে প্রতিনিধি দলটি আবার রামুতে এসে আনুষ্ঠানিকভাবে বুদ্ধমূর্তিগুলো হস্তান্তর করার কথা রয়েছে।