গল্প নয় সত্যি
বোকা বানাতে গিয়ে!
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
নানা কারণে এবং নানা সময়ে অনেক বিতর্ক আর সমালোচনা হলেও পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের বোকা বানানোর জন্য গোটা বিশ্বের অনেকেই বেছে নেন এপ্রিল মাসের প্রথম দিনটিকে। এমনকি ‘এপ্রিল ফুল’ এ প্রাতিষ্ঠানিকভাবে গুগল বা ইউটিউবের মতো ওয়েব জায়ান্টদের পক্ষ থেকে সারাবিশ্বের গ্রাহকদের ধোকা দেওয়া ঘটনাও নতুন নয়। তবে অন্য অনেকের মতো এভাবে নিজের বোনকে বোকা বানাতে গিয়ে এবার উল্টো নিজেই ঘোর বিপদের মুখে পড়েছেন তাইওয়ানের এক মহিলা। সুসান টামি হাডসন নামের ৫২ বছর বয়সী এই মহিলা এপ্রিলের প্রথম দিনে বোনকে বোকা বানাতেই চমকে দেওয়ার মতো একটি নাটক সাজিয়েছিলেন। আর এই নাটকীয়তার অংশ হিসেবেই তিনি তার বোনকে জানান যে, তিনি নিজ হাতে তার স্বামীকে খুন করেছেন। তবে এই বিষয়টি সুসানের অন্য আরেক আত্মীয় শুনে ফেলাতেই যত গোল বাধে। ঘটনার প্রেক্ষাপট জানা না থাকায় এবং এমন একটি সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়ার কারণে কোনো ধরনের যাচাই-বাছাই না করেই স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে ফোন করে বিষয়টি জানান ওই আত্মীয়। আর এরই পরিণতিতে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাকে। প্রাথমিকভাবে পুলিশের কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করলেও পুলিশ এটিকে খুনের দায় থেকে বাঁচার চেষ্টা বলেই ভেবেছিল। অবশেষে তার বোনের দেওয়া সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের উপর ভিত্তি করে একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয় সুসানকে। এদিকে অন্যকে বোকা বানাতে যেয়ে নিজেই বোকা বনে যাওয়ার এই ঘটনা সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে সুসান বলেন, ‘আমি আমার বোনকে বলছিলাম যে, হেলেন আমি আমার স্বামীকে গুলি করে হত্যা করেছি এবং এখন সবকিছু পরিষ্কার করার পর ওকে মাটিচাপা দিতে তোমার সাহায্য দরকার। আর এর কিছুক্ষণ পরেই স্থানীয় কিংসপোর্ট পুলিশ বিভাগ থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমার এক আত্মীয়ের ভুলের কারণে এই ভোগান্তি হলেও পুলিশের তাত্ক্ষণিক সাড়ায় আমি অভিভূত।’