টানা ১৮ দিন লেনদেন দুইশ কোটির নিচে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:০৫
গতকাল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দরপতনের মধ্য দিয়ে পার করেছে দেশের উভয় শেয়ারবাজার। দরপতনের পাশাপাশি লেনদেনও কম। যতটুকু লেনদেন হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ঘিরে। এদিকে লেনদেনের গতি মন্থর হয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা মনে করছেন দীর্ঘদিনের আস্থার সঙ্কটের পর সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতা এ সঙ্কটকে আরও বাড়িয়ে দিয়েছে। তথ্যে দেখা গেছে, গত ১৮ কার্যদিবস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হচ্ছে দুইশ কোটি টাকার নিচে।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট কমে ৩ হাজার ৫০৭ পয়েন্টে নেমে এসেছে। আর সাধারণ মূল্যসূচক কমেছে ১৬ পয়েন্ট। ডিএসই-৩০ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩১০ মূল্যসূচক পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৯৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। হাত বদল হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ১২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৭৪ পয়েন্ট কমে ১০ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্য সূচক কমেছে ৭৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৮ লাখ ৯৬ হাজার ৭৪৯ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ১৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দর।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং আর্গন ডেনিমস। এ কোম্পানিগুলোর মোট লেনদেন ছিল বাজারের মোট লেনদেনের সাড়ে ১৩ দশমিক ১ শতাংশ। গতকাল জ্বালানি ও বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠানগুলো ছিল দাম বৃদ্ধির শীর্ষে। এছাড়া ফার্মসিউটিক্যালস খাতের প্রতিষ্ঠানগুলো ছিল দাম বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে।