নায়করাজের নতুন দুই টেলিফিল্ম
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৩৫
এই সময়ে এসে ছবিতে অভিনয় নায়করাজ রাজ্জাক খুব কমিয়ে দিয়েছেন। এর একমাত্র কারণ ছবির গল্পে তার চরিত্রে ভিন্নতা না থাকা। তবে টিভি নাটক এবং টেলিফিল্মে নিয়মিতই অভিনয় করছেন নায়করাজ। পাশাপাশি ভালো গল্প পেলে তিনি নিজেই তা নির্মাণ করছেন। এবার দুটি ভিন্নধর্মী গল্প নিয়ে নায়করাজ দুটি টেলিফিল্ম নির্মাণের কাজে হাত দিয়েছেন। একটির নাম ‘চেনা অচেনা’ ও অন্যটি ‘বাবার ডায়েরি’। নায়করাজ বলেন, ‘দেশের সার্বিক অবস্থা এখন ভালো নয়। তার বেশ খানিকটা প্রভাবও পড়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। এমন অস্থির সময়ে বসে থাকলে তো আর জীবন চলে না। যেহেতু হাতে আসা গল্প দুটি খুব চমত্কার, তাই দুটি গল্প নিয়েই টানা কাজ করব।’ নায়করাজ জানান আগামী ১০ এপ্রিল থেকে টানা পাঁচ থেকে ছয়দিন টেলিফিল্ম দুটির শুটিং হবে। দুটি টেলিফিল্মেই তিনি ও সম্রাট অভিনয় করবেন। দুটি টেলিফিল্মই নির্মিত হবে রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে। এদিকে গত মাসে সেন্সর ছাড়পত্র পেল নায়করাজ রাজ্জাক পরিচালিত ছবি ‘আয়না কাহিনী’। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটি মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।