বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের লাঠি মিছিল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৪
হরতালে পরিবহনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় বৃহস্পতিবার আধাবেলা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে । একই দাবিতে বগুড়া শহরে লাঠি মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় এই লাঠি মিছিল হয়।
কয়েক হাজার পরিবহণ মালিক মিছিল শেষে শহরের সাতমাথা চত্বরে সমাবেশ করে। ঐক্য পরিষদের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক সামছুদ্দীন শেখ হেলাল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধর্মঘট চলাকালে রাজশাহী বিভাগের ৮ জেলাসহ রংপুর বিভাগের সকল জেলার সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ থাকে ।