বড়লেখায় চা শ্রমিক অপহরণের প্রতিবাদে কাজ বন্ধ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা-বাগানের কয়েজন শ্রমিককে পার্শ্ববর্তী আয়শাবাগ চা-বাগানের শ্রমিকরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে পাল্লাতলের ক্ষুব্ধ শ্রমিকেরা গত বুধবার থেকে কাজ বন্ধ রেখেছে। জানা যায়, পাল্লাতল বাগানের ৫ নম্বর সেকশন এলাকায় ৫২ একর জায়গার মালিকানা নিয়ে পাশের আয়শাবাগ বাগানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি বিরোধপূর্ণ জায়গার জরিপ চলছিল। মঙ্গলবার সকালে আয়শাবাগ চা-বাগানের শ্রমিকরা বিরোধপূর্ণ জায়গায় তড়িঘড়ি খুঁটি ও কাঁটাতারের বেড়া স্থাপন করে। এ সময় পাল্লাতলের শ্রমিকরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর আগে গত সোমবার রাতে দুর্বৃত্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ জায়গায় প্রবেশ করে পাল্লাতলের সাজু, বঙ্কিম, মানিক এবং শুক্রা নামের চারজন শ্রমিকের বসতবাড়ি গুঁড়িয়ে দেয়। এসব ঘটনায় মঙ্গলবার বিকেলে পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে মঙ্গলবার বিকেলের দিকে বিরোধপূর্ণ জায়গায় কাজ করতে গেলে আয়শাবাগের শ্রমিকেরা পাল্লাতলের ১৫-২০ জন শ্রমিককে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ করেন সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন। এর প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকাল থেকে বাগানে কাজ বন্ধ করে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন । এব্যাপারে আয়শাবাগ চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রশীদ বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সমপূর্ণ মিথ্যা। উল্লেখিত জায়গা আমাদের এবং চা শ্রমিকরাও আমাদের বাগানের। সুতরাং অপহরণের প্রশ্নই ওঠে না।