চাটমোহরে ধাত্রীর অজ্ঞতায় মৃত্যুশয্যায় প্রসূতি

চাটমোহর (পাবনা) সংবাদদাতা উপজেলার দোলং গ্রামে মঙ্গলবার এক হাতুড়ে ধাত্রী প্রসূতির গর্ভের সন্তান মাথা ছিঁড়ে ডেলিভারি করায় এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর পরই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিত্সার জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রসূতির স্বজনরা। এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দোলং গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রীতা খাতুনের প্রসব ব্যথা উঠলে বাড়িতেই হাতুড়ে ধাত্রী দিয়ে প্রসব করানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে ধাত্রী নবজাতকের গলা ছিঁড়ে মাথা বের করে কিন্তু গর্ভে থেকে যায় নবজাতকের দেহ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির অবস্থা খারাপ দেখে স্বজনরা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে প্রসব বেদনা ও সন্তান হারানোর শোকে শুধু চিত্কার আর বিলাপ করছে প্রসূতি। হাসপাতালের চিকিত্সক ডা. জান্নাতুল নাহার লতা জানান, অদক্ষ ধাত্রী দিয়ে ডেলিভারি করানোর চেষ্টায় এ ধরনের ঘটনা ঘটেছে। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটাই আমার প্রথম দেখা।