মস্তিষ্ক মানচিত্রকরণের প্রকল্প ঘোষণা ওবামার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৮
মস্তিষ্ক মানচিত্রকরণের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মস্তিষ্কের জটিল রহস্য উন্মোচিত করার জন্যই ১০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্প বলে জানিয়েছেন ওবামা। চীন, ভারত বা জার্মানি থেকে তার দেশকে গবেষণার জগতে কয়েক কদম এগিয়ে নিয়ে যেতেই মার্কিন প্রেসিডেন্টের এই স্বপ্নবিলাস বলে হোয়াইট হাউসের পক্ষে জানানো হয়েছে। -খবর বর্তমান পত্রিকার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারও একটি শিশুর সহজাত মস্তিষ্কের থেকে শক্তিশালী নয়। ফলে ব্রেন (ব্রেন রিসার্চ থ্রু অ্যাডভান্সিং ইনোভেটিভ নিউরোটেকনলজি) প্রকল্প বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে আমরা কীভাবে চিন্তা করি ও কীভাবে শিখি ও মনে রাখি। এই প্রকল্প সাফল্য পেলে আলজেইমার, অটিজম, এপিলেন্সি বা মস্তিষ্কের স্ট্রোকের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করছেন ওবামা। কারণ যখন আমরা চিন্তা করি তখন, কীভাবে দ্রুত নিউরোনগুলি পরস্পরের সঙ্গে সংযোগ করে তা বুঝতে পারবেন বিজ্ঞানীরা।
মস্তিষ্ক মানচিত্রকরণ বা সংক্ষেপে ‘ব্রেন’ নামের ঐ প্রকল্পের কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মানুষ হিসেবে আমরা বহু আলোকবর্ষ দূরের গ্যালাক্সিও চিহ্নিত করতে পারি। আমরা পরমাণুর থেকেও ছোট কণা সম্পর্কে গবেষণা করতে পারছি। কিন্তু আমাদের দু’কানের মধ্যে থাকা তিন পাউন্ড ওজনের ঐ বস্তুটির রহস্য ভেদ করতে পারিনি। আজ বিজ্ঞানীরা নির্দিষ্ট নিউরোনের ক্ষমতা খুঁজে বের করতে পেরেছেন। ফলে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের কাজ চিহ্নিত করা সম্ভব হয়েছে। কিন্তু মস্তিষ্ক প্রায় ১০ হাজার কোটি নিউরোন রয়েছে। যাদের মধ্যে ট্রিলিয়ন সংখ্যক সংযোগ রয়েছে। ওবামা বলেন, কীভাবে মস্তিষ্ক বিশাল পরিমাণ তথ্য মাথায় ‘ষ্টোর’ করে রাখে ও তাকে কাজে লাগায় তার একটা রাস্তা খুলে দেবে এই নতুন প্রযুক্তি। এই গবেষণা মস্তিষ্কের কাজের জটিল খুঁটিনাটিগুলো সম্পর্কে একটা দিশা দেবে।