বেলুচিস্তানের বিশিষ্ট আইনজীবী অপহূত
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৯
পাকিস্তানের বেলুচিস্তানের বিশিষ্ট আইনজীবী ও সাবেক এডভোকেট জেনারেল (এজি) সালাউদ্দিন মেনগালকে অপহরণ করেছে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা। বুধবার বেলুচিস্তানের রাজধানী কোয়েচটার সারিয়াব রোড এলাকা থেকে মেনগালকে অপহরণ করে তারা। এদিকে তাকে উদ্ধারে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে প্রদেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নওয়াব গাউস বক্স বরোজাই। -খবর ডন অনলাইনের।
মেনগালের ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেনগাল হাইকোর্ট থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলো। এসময় তার ছোট ভাই তার সঙ্গে ছিলো। বাড়ির কাছে সারিয়াব রোডে আসলে কিছু অস্ত্রধারী ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে এবং মেনগালকে গাড়ি থেকে টেনে বের করে এবং বন্দুকের নলের মুখে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সাবেক এজিকে খুঁজে বের করতে আমরা সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি। তার অপহরণের প্রতিবাদে লোকজন সারিয়াব রোড বন্ধ করে রেখেছে। মেনগাল দশ বছরেরও বেশি সময় ধরে প্রদেশটির এডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন। সমপ্রতি তিনি পাকিস্তান মুসলিম লিগে (নওয়াজ) যোগ দিয়েছেন।