বাগমারায়
জনতার রোষানলে
সাব-রেজিস্ট্রার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৯
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলায় জমির দলিল রেজিস্ট্রি করতে না চাওয়ায় জনতার রোষানলে পড়লেন ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা। গত বুধবার বিকেলে কাজ করতে না চাওয়ায় গ্রাহকরা তাকে কাজ করার দাবি জানিয়ে ঘিরে ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, গত বুধবার বাগমারার ভবানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা দুপুর সাড়ে ১২টার দিকে অফিসে বসেন। তিনি ওই সময় থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩০০টি দলিলের মধ্যে ৬২টি দলিল রেজিস্ট্রি করে অফিস থেকে খাস কামরায় আসেন। কিছুক্ষণ পর তিনি অফিসের স্টাফদের বলেন, আজ আর কোন দলিল রেজিস্ট্রি করা হবে না। এসময় সাব-রেজিস্ট্রি অফিসের বাইরে জমি ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষমান প্রায় তিনশ’ থেকে চারশ’ লোক তাকে ঘিরে ফেলে এবং ওই সমস্ত জমি রেজিস্ট্রি করার দাবি জানায়। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে দলিল লেখক সমিতির লোকজন দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি অফিসে চিকিত্সা নিতে অপারগতা প্রকাশ করলে তাকে দ্রুত ভবানীগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।