আজ লালমনিরহাট গণহত্যা দিবস

লালমনিরহাট প্রতিনিধি আজ ৫ এপ্রিল লালমনিরহাট গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী, অবাঙালি ও তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধীরা লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে রিকসা স্ট্যান্ডে একইসাথে নির্মমভাবে গণহত্যা চালিয়ে রেলওয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা-কর্মচারীসহ দু-শতাধিক নিরীহ বাঙালিকে হত্যা করে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় শহর হওয়ায় এখানে কয়েক হাজার রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী কর্মরত ছিলেন। বিশেষত এই রেলওয়ে দপ্তরে অধিকসংখ্যক অবাঙালি কর্মরত ছিল। ২৬ মার্চের পর বাঙালি যোদ্ধাদের প্রতিরোধের মুখে তিস্তা সেতু দিয়ে পার হতে না পেরে রংপুর সেনানিবাস থেকে পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা হারাগাছ হয়ে নৌকাযোগে তিস্তা নদী অতিক্রম করে লালমনিরহাট শহরে আসে। অবাঙালিদের সাথে নিয়ে হানাদার বাহিনীর সদস্যরা লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের ধরে এনে রেলওয়ে রিকসা স্ট্যান্ডে জড়ো করে। বিকালে তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় হাসপাতালের ডাক্তার আব্দুর রহমান, ডাক্তার মোকতাদির, ডাক্তার এজি আহমেদ রেলওয়ে কর্মচারী মোফাজ্জল হোসেনসহ বহুসংখ্যক রেলওয়ে কর্মকর্তা কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ গণহত্যার শিকার হয়।