কিশোরগঞ্জে স্কুলগৃহ লুটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলকায় প্রতিষ্ঠিত রাবেয়া খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্রসহ স্কুলগৃহ লুটের প্রতিবাদে ও সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে একটি সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই, পৌরসভার কাউন্সিলর আরিফুল হক আরজু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. কামাল। পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করে। উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোরে একদল সন্ত্রাসী রাবেয়া খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্রসহ স্কুলগৃহ ভেঙ্গে একটি ট্রাক্টরে তুলে নেয়ার সময় এলাকাবাসীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা মালামালসহ ট্রাক্টরটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।