জীবননগরে শ্রমিক
দ্বন্দ্বে সড়ক অবরোধ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৩
জীবননগর সংবাদদাতা
গতকাল বৃহস্পতিবার জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে চলাচলরত সিএনজি থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সড়ক অবরোধ করা হয়েছে। বাস শ্রমিকরা রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড দিলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন জানান, তারা বৈধভাবে জীবননগর-চুয়াডাঙ্গা, জীবননগর-কালীগঞ্জ ও জীবননগর-জিন্নানগর সড়কে যাতায়াত করে থাকেন। চুয়াডাঙ্গার বাস শ্রমিকরা গত কয়েকদিন ধরে তাদের চুয়াডাঙ্গা শহরে ঢুকতে না দিয়ে হয়রানী করছে এবং আটোরিক্সাচালকদের শারীরিকভাবে লাঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে সিএনজি আটোরিক্সা মালিক ও শ্রমিকরা গতকাল জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের লক্ষ্মীপুরে অবস্থান নিয়ে চুয়াডাঙ্গার বাস বন্ধ করে দেয়। প্রতিবাদে বাস শ্রমিকরা রাস্তার ওপর বাস আড় করে ব্যারিকেড সৃষ্টি করলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।