কসবায় ইউনিয়ন আওয়ামী
লীগ সভাপতি, সম্পাদক
অবাঞ্ছিত
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৫
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগের একাংশ। বিতর্কিত ভোটার তালিকা বাতিল ও সম্মেলনের নতুন তারিখ ঘোষণার দাবিতে গত বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
দলের একাংশের নেতারা দাবি করেন, ত্যাগী নেতা-কর্মীদের নাম বাদ দিয়ে প্রহসনমূলক ভোটার তালিকা প্রস্তুত করে আগামী ৬ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌসুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কুদ্দুছুর রহমান, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ভূইয়া প্রমুখ।