বগুড়ায় অপহূত কিশোরীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার দাবি

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলায় অপহূত প্রতিমা রবিদাসকে দ্রুত উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন বগুড়া শাখার নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সন্মেলনে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভুগী পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানেরও জোর দাবি জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ অভিযোগ করে বলেন, গত ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় সোনাতলা উপজেলার হাট করমজা বাজারে গ্রামের লিজু মিয়া (১৭) ও তার ৫ জন সহযোগী মিলে প্রতিমা রবিদাসকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। প্রতিমা উপজেলার মতিলাল রবিদাসের মেয়ে। বর্তমান শাখাহাতী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গত ২৬ এপ্রিল প্রতিমার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনকে আসামি করে সোনাতলা থানায় মামলা করেন। এজাহার অনুযায়ী প্রধান আসামি হিসেবে সোনাতলা উপজেলার হাটকরমজার বেলাল হোসেনের ছেলে লিজু মিয়ার (১৭) নাম উল্লেখ করা হয়েছে।