আট মাসে ১৫৮ কোটি ডলার
ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৩১
চলতি (২০১২-২০১৩) অর্থ বছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে মোট ১৫৮ কোটি ডলার সহায়তা পেয়েছে। যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ডলার বেশি। গত বছর একই সময়ে বাংলাদেশ ১২০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছিল। চলতি অর্থ বছরের সহায়তার মধ্যে ঋণ আকারে ১২৩ কোটি ডলার এবং অনুদান আকারে ৩৫ কোটি ডলার পাওয়া গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, উল্লেখিত সময়ে অর্থ ছাড় বাড়লেও উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতির পরিমাণ তুলনামূলক কমেছে। গত অর্থ বছরের আট মাসে বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ৪০২ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যদিকে চলতি অর্থ বছরের একই সময়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে ৩৭২ কোটি ডলারের সমপরিমাণ।
ইআরডি সূত্র জানায়, গত আট মাসে সুদ-আসল বাবদ বাংলাদেশ ৮০ কোটি ডলার পরিশোধ করেছে। এরমধ্যে মূল ৬৬ কোটি ডলার আর এবং ১৪ কোটি ডলার শোধ করা হয়েছে সুদ বাবদ। অর্থাত্ উন্নয়ন সহযোগী সংস্থা থেকে বাংলাদেশ নিট বৈদেশিক মুদ্রা পেয়েছে ৭৮ কোটি ডলার। ঋণ পরিশোধের পর গত অর্থ বছরের আট মাসে একই সময় বাংলাদেশ নিট বৈদেশিক মুদ্রা পেয়েছিল ৫৫ কোটি ডলারের সমপরিমাণ।
ইআরডি সূত্র জানায়, চলতি অর্থ বছরের আট মাসে বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ম্যানিলা ভিত্তিক এ সংস্থাটি মোট ৪০ কোটি ডলার ঋণের অর্থ ছাড় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ ছাড় করেছে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। ওয়াশিংটনভিত্তিক এ সংস্থাটি গত আট মাসে ৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে। এছাড়া জাপান ২৪ কোটি ডলার, চীন ১৪ কোটি এবং ভারত চার কোটি ডলার অর্থ ছাড় করেছে।