হবিগঞ্জে ইউএসএআইডি’র ব্র্যান্ড আম্বাসেডর ক্রিকেটার মুশফিকুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে ইউএসএআইডির স্বাস্থ্য প্রকল্প মামণি পরিদর্শন করেন। ‘ইউএসএআইডি’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুশফিকুর মা ও শিশু স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক বার্তার প্রচারে সহায়তা করবেন। হবিগঞ্জে মুশফিকুর একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি গর্ভবতী নারী ও শিশুদের মায়েদের সঙ্গে আলাপ করেন এবং উন্নত মা ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটায় এমন একটি কম্যুনিটি কার্যদলের কার্যক্রমে অংশগ্রহণ করেন। মুশফিকুর কম্যুনিটি স্বাস্থ্য উদ্যোগের গর্ভবতী নারীদের জন্য গর্ভকালীন সেবা এবং সন্তান জন্মদানের সময় স্বাস্থ্য কেন্দ্রের ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পল্লবী এলাকার মায়েদের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি কম্যুনিটি ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলেন। ইউএসএআইডির মামণি আয়োজিত ক্রিকেট ম্যাচটি অর্থায়ন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) ও বেঙ্গল ইন্ডিগো লিমিটেড। -প্রেস বিজ্ঞপ্তি