সারাদেশে গণজাগরণ মঞ্চের ২২ ঘণ্টার অবরোধ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫০
হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে গণজাগরণ মঞ্চ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল শনিবার বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। মঞ্চ জানায়, সড়ক, রেল ও নৌপথে ২২ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৩ সংগঠনের ডাকা ২৪ ঘন্টার হরতালে সংহতি জানিয়েছে মঞ্চ। মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগে এক সাংবাদিক সম্মেলনে এ সব কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ‘খুব দ্রুতই পদক্ষেপ’ নিবেন বলে মঞ্চ আশা করছে। গতকাল রাতে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, আমরা বাস মালিক-শ্রমিক, রেলওয়ে শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী, লঞ্চের মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানাই, আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণজাগরণ মঞ্চের কর্মসূচিকে সফল করার জন্য কার্যকর উদ্যোগ নিন।
ইমরান মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিজ নিজ অবস্থান থেকে মঞ্চের কর্মসূচি বাস্তবায়নে সহায়তার আহবান জানান। তিনি বলেন,গণজাগরণ মঞ্চের মূলশক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সারা পৃথিবীর সকল বাঙালি। এই দুর্বার শক্তিই আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।
ইমরান আরো বলেন, গত ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ থেকে আগামী শনিবারের সমাবেশের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু একটি মহল এ কর্মসূচি বানচাল করতে লং মার্চের ঘোষণা দেয়।
এর আগে হেফাজতের লংমার্চ কর্মসূচি প্রতিহত করতে শনিবার জোহরের পর শাহবাগে সমাবেশে মিলিত হওয়ার ঘোষণা দেয় মঞ্চ। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে ফার্মগেটে আটকে দেয় পুলিশ। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ইমরান গত ২৬ মার্চ ঘোষিত কর্মসূচি পুনরায় ঘোষণা করেন। তিনি বলেন, জোহরের নামাজের পর প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে আমরা সমাবেশ করব। ঢাকা মহানগরীর প্রত্যেক নাগরিককে অন্তত একবার সমাবেশে আসার আহবান জানাচ্ছি।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছয় দফা বাস্তবায়নের পক্ষে ইমরানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি দেয়ার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজি অ্যাডমিন কবির বিন আনোয়ার স্মারকলিপি গ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পৌঁছে দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি আমাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী খুব দ্রুতই পদক্ষেপ নিবেন।
ইমরান বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য চাই। নইলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।