গতকাল সকাল ১০টা। আকাশে ঝলমলে রোদ। বেলা বাড়ছে রোদের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মায়াভরা মুখের ছড়াছড়ি। সকাল থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। সঙ্গে অভিভাবকরা। সবার চোখে-মুখে অস্থিরতার ছাপ। কখন ফল প্রকাশিত হবে এসএসসির । অবশেষে অপেক্ষার পালা শেষ। টাঙানো হলো ফল। উত্কণ্ঠার অবসান ঘটিয়ে তারা মেতে উঠে আনন্দের বন্যায়। শিক্ষার্থীদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঢাক-ঢোল পিটিয়ে নেচে-গেয়ে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। শিক্ষার্থীদের এই মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছেন তাদের অভিভাবক ও শিক্ষকরা। গতকাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার দুই-ই কমেছে। তবে সংখ্যারভিত্তিতে পাস ও জিপিএ-৫ বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, এবার মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৮২৬ জন। পাস করেছে ১ হাজার ৮২৩ জন। ফেল করেছে তিনজন। তাদের মধ্যে দুজন বিজ্ঞান বিভাগের এবং একজন বাণিজ্য বিভাগের। শতকরা ৯৯ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮২ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৮১ দশমিক ২৯ শতাংশ। তিনি আরো জানান, বিজ্ঞান বিভাগের ১ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪৪ জন। বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন, এই বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ১২৭ জন। মানবিক বিভাগের ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।
রেসিডেনসিয়াল মডেল কলেজে: এসএসসিতে রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মোট ৫০৭ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৪১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫৮ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭৬ জন।
অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল বলেন, পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের সমন্বয়ে অর্জিত এ প্রশংসনীয় ফলের মূলে রয়েছে কলেজের বোর্ড অব গভর্নস এবং কলেজ প্রশাসনের সুযোগ্য নেতৃত্ব, উপযুক্ত কর্মপরিকল্পনা ও যথাযথ দিকনির্দেশনা।
মাইলস্টোন কলেজ: এসএসসি পরীক্ষার ফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এবার শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১ হাজার ৩২৭ জন পাস করে। পাসের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০১ জন। বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১ হাজার ১৩৬ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। বাণিজ্য বিভাগ থেকে ২০০ জন পরীক্ষা দিয়ে ১৯১ জন পাস করে, পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ।
প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাত্ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ: শতভাগ পাস ও ৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিগত দশ বছরের তুলনায় ২০১৯ সালে এসএসসি পরীক্ষা কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবারের শিক্ষার্থীরা মেধা ও স্মৃতিশক্তি ভর করেই পরীক্ষাপর্ব সম্পন্ন করেছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ: এবার এসএসসিতে ৯৯ দশমিক ৪ শতাংশ পাস করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৪৮ জন। আমার এখানে সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০৫ জন। এরমধ্যে পাস করেছে ১৮৯৪ জন।