অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০২ জন গ্রেফতার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫৩
কক্সবাজার থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় র্যাব ও পুলিশ বুধবার গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার ও রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-৭-এর একটি দল বুধবার রাত দেড়টার দিকে শহরের হোটেল সানমুন, সি-ল্যান্ড ও সি-হার্টে অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ৪২ জনকে গ্রেফতার করে। এরআগে সন্ধ্যা সাড়ে ৭টার সময় সৈকত আবাসিক এলাকার ‘জয়নুল কটেজ’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করে। তাদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরা ও ফরিদপুরে।
অপরদিকে উখিয়ার ইনানী হয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাবার প্রাক্কালে বুধবার রাত ৮টার দিকে রামুর হিমছড়ি থেকে মিনিবাসসহ ৩৫ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন জানান, আটককৃতদের অধিকাংশের বাড়ি যশোর, ময়মনসিংহ জেলায়।