বিপথগামী বিএনপি ও জামায়াত নেতারা নাশকতার চেষ্টা করবেন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫৪
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের মোড়কে জঙ্গিবাদী জামায়াত-শিবির ও বিএনপির বিপথগামী নেতারা নাশকতার চেষ্টা চালাবেন এমন তথ্য প্রশাসনের কাছে রয়েছে। কিন্তু তাদের এ ধরনের অপচেষ্টা দমনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন মন্ত্রী ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের লংমার্চ ও সমাবেশ যত্ন নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে জায়গায় বিশৃঙ্খলা দেখা যাবে সেখানেই সেই মুহূর্তেই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠীকে দেশে মানুষ খুন করার লাইসেন্স দেইনি। রাজনীতির নামে একটি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে—গাড়ি পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। এটা কোন সভ্য দেশে হতে পারে না। হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি কেন দেয়া হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমতি দেয়া হলেও তাদেরকে একটি জায়গা নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে সমাবেশে কোনো ধরনের অপচেষ্টা মেনে নেয়া হবে না। পাশাপাশি সংগঠনটিকে জানানো হয়েছে, তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থকরা ঢুকে নাশকতা চালাতে না পারে। যদি এমনটা হয় তাহলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।
হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচির প্রতিবাদে দেশের কয়েকটি সংগঠনের হরতালের নৈতিকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আইনী বিষয়গুলো দেখি—নৈতিকতা নয়। সভা সমাবেশ করা তাদের অধিকার আছে। তাই বলে কেউ বিশৃঙ্খলতা করলে তাদের প্রতিহত করা হবে। এ জন্য যা যা করা দরকার তা করা হবে।