শেখ হাসিনা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা হাসিল করছেন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২২:৫৪
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশের মানুষ আজ ভালো নেই। সর্বত্র অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আর শেখ হাসিনা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নিজের ফায়দা লুটছেন।
গতকাল বৃহস্পতিবার ভূঞাপুরে ফলদায় ভষ্মীভূত কালিমন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশ প্রেমের কথা বলেন। অথচ তিনি তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছেন। তিনি যেভাবে পুলিশবাহিনী ব্যবহার করছেন এই পুলিশই একদিন আপনাকে পিটিয়ে দেশ ছাড়া করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হিন্দুদের ওপর যত নির্যাতন হয়েছে তার বেশিরভাগ নির্যাতনই হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। হিন্দুদের ৯০ ভাগ জমি দখল করে নেয়া হয়েছে এ সরকারের আমলেই।
ফলদা কালিমন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বরণ দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এ এইচ এম আব্দুল হাই প্রমুখ।