ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অতি কৌশলের বলি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্য পদ হারিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘বিএনপি সবকিছু যে একটু দেরিতে বোঝে, দলের এমপিদের সংসদে যাওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেটারই বহিঃপ্রকাশ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গত কয়েক বছরে বহু সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্তই সঠিক ছিল না। ক্রমাগতভাবে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভুল সিদ্ধান্তের কারণে তারা জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচন বর্জন করা ছিল বড় ভুল বিএনপির। এটা করে তারা আত্মহননের পথ বেছে নেয়। এরপর পেট্রোল বোমা মেরে মানুষ মারা, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, এসব করে তারা জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। আবার গত নির্বাচনেও অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ ছেড়ে পালায়। তারা নির্বাচনটা যদি সঠিকভাবে করতো, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য না করতো, তাহলে বিএনপির ফলাফল হয়তো আরো ভালো হতো। তাই বহু ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।
সাবেক অর্থমন্ত্রীর ছেলে ড. রেজা কিবরিয়ার গণফোরামের সাধারণ সম্পাদক হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে গণফোরাম কখনই গণমুখী দল হয়ে উঠতে পারেনি। গণফোরামে যে পরিবর্তন এসেছে, এতে বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না। অতীতে যেমন গণফোরাম গণমুখী দল হয়ে উঠতে পারেনি, এই পরিবর্তনেও কোনো পরিবর্তন আসবে না। বরং গণফোরাম জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয় কি না সেটি দেখার বিষয়।