ইত্তেফাক রিপোর্ট
সদরঘাটে বুড়িগঙ্গায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রহিম ও মনিরুল ইসলাম। তাদের কাছ থেকে ২টি ককটেল ও ৪টি ছোরা উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, সদরঘাট নৌ থানাধীন পাড় গেন্ডারিয়া রহমানের ডক সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টিম ডিউটি করার সময় একটি নৌকা থেকে নৌ পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এসময় পুলিশ ডাকাত দলের ওই নৌকাটিকে তাড়া করে। ৫ জন ডাকাত নদীতে লাফিয়ে পড়েন। পরে পুলিশ দুই ডাকাতকে পানি থেকে ধরে ফেলে। বাকি ৩ ডাকাত সাঁতরে পালিয়ে যায়। ডাকাতদের ওই নৌকায় তল্লাশি করে ২টি ককটেল ও ৪টি ছোরা উদ্ধার করা হয়।