পাবনায় জলাভূমি পুনর্বাসন প্রকল্প

রুহুল কুদ্দুস মরা নদী ও বিল পুনঃখননের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নানাভাবে উপকৃত হচ্ছে। বিলুপ্তপ্রায় অনেক কিছুই তারা আবার ফিরে পেতে শুরু করেছেন। পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হয়েছে পাবনার তিনটি উপজেলা বেড়া, সাঁথিয়া ও সুজানগরে। পর্যায়ক্রমে তা সারা দেশে সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে। জার্মানীর উন্নয়ন সংস্থা জিআইজেড এবং মত্স্য অধিদপ্তর একটি প্রকল্পের আওতায় এই কাজ শুরু করেছে ২০১০ সাল থেকে। প্রকল্পের নাম জলাভূমি জীববৈচিত্র্য পুনর্বাসন প্রকল্প (ডব্লিউবিআরপি)। স্থানীয় বেসরকারি সংস্থাগুলো এই প্রকল্পের পার্টনার। পার্টনার সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ভিলেজ ডেভেলপমেন্ট (বিসিভিডি) এই প্রকল্পের আওতায় শুরু থেকেই বেড়া উপজেলায় এ পর্যন্ত ৫টি মরা নদী ও বিল পুনঃখনন করেছে। এলাকাবাসী এর সুফল পেতে শুরু করেছে। পুনঃখননকৃত এসব নদী ও বিলে বিলুপ্তপ্রায় দেশি মাছের চাষ হচ্ছে। মাছের উত্পাদনও বৃদ্ধি পাচ্ছে। এসব নদী ও বিলে সারা বছর পানি থাকায় স্থানীয় লোকজন ধান চাষসহ প্রাত্যহিক কাজের জন্য এই পানি ব্যবহার করছে। ফলে লোকজনকে ডিপ টিউবওয়েল ব্যবহার করতে হচ্ছে না। এতে বিদ্যুত্ ও তেল ব্যবহার না করায় কৃষকদের উত্পাদন ব্যয় কম হচ্ছে। নদী ও বিলে সারা বছর পানি থাকায় বিভিন্ন প্রজাতির পাখি এখন সেখানে চোখে পড়ে। যা গত ৩০ বছর দেখা যায়নি বলে এলাকাবাসী জানান। এছাড়া ব্যাং, গুইসাপ, কাকড়াসহ বিভিন্ন রকম বিপন্ন-প্রায় প্রাণীরও অস্তিত্ব এখন লক্ষ্য করা যায়। নদী ও বিলের দুই পাশের ডাইকে বিপুল পরিমাণ গাছ লাগানো হলে বিভিন্ন প্রজাতির পাখির আবাসন যেমন নিশ্চিত হবে তাদের সংখ্যাও তেমনি আশাতীতভাবে বৃদ্ধি পাবে।