সিরিয়ায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে

সিরিয়ায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। লড়াইয়ে ধ্বংস হওয়া কিছু কিছু এলাকায় এ অবনতি ঘটছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রেডক্রস। সিরিয়ায় গত দু’বছরের লড়াইয়ে গত মার্চ মাসটিই সবচেয়ে রক্তক্ষয়ী বলে জাতিসংঘ জানানোর পর রেডক্রস এ তথ্য জানাল। জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ার লড়াইয়ে নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজার। ঘরছাড়া হয়েছে আরো লাখ লাখ মানুষ। বেসামরিক নাগরিকরা হয়ে পড়েছে পানি, বিদ্যুত্হীন। জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহও তারা পাচ্ছে না। বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার মানুষেরা এ ভোগান্তিতে পড়েছে। ওই এলাকাগুলোতে অহরহই বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। ত্রাণবহরের ওপর সিরিয়া সরকারের কড়াকড়ির কারণে বেশিরভাগ ত্রাণই বিতরণ হচ্ছে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। তবে গত দু’সপ্তাহে সিরিয়া সরকার কিছুটা নমনীয় হওয়াতে ত্রাণকর্মীরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরো কিছু ত্রাণবহর পাঠাতে পেরেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরের। বিদ্রোহী নিয়ন্ত্রিত কিছু এলাকায় প্রথমবারের মতো গিয়ে ত্রাণকর্মীরা ব্যাপক ধ্বংসযজ্ঞই দেখেছেন। আরো দেখেছেন ভুক্তভোগী মানুষের মধ্যে খাবার, পানি, পয়ঃনিষ্কাশন এবং ওষুধের ক্রমবর্ধমান চাহিদা। আর এর পরিপ্রেক্ষিতে পিটার বলেছেন, “ত্রাণকাজে যতটুকু অগ্রগতি হয়েছে সেটিই যথেষ্ট নয়। মানুষের ত্রাণের প্রয়োজনীয়তা দ্রুতই বেড়ে চলেছে।”