টেকনাফে পুলিশ কর্মকর্তাকে মোবাইল ম্যাসেজে হুমকির দায়ে এক যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৩
টেকনাফে মোবাইল ম্যাসেজের মাধ্যমে এক পুলিশ কর্মকর্তাকে হুমকির অভিযোগে মো. নুর (২৬) নামে এক যুবককে নিজ বাড়ি থেকে গত বুধবার পুলিশ আটক করেছে। তিনি টেকনাফ হ্নীলা ইউনিয়নের দরগাহ এলাকার সুলতান আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. ফরহাদ বলেন, আটক যুবক মো. নুর গত ২৫ মার্চ এস আই সুনীল ধরের মোবাইলে হুমকি দিয়ে একটি ম্যাসেজ দেয়। এ নিয়ে অনুসন্ধান করে তাকে আটক করা হয়। আটক মো. নুর বলেন, তার এক বন্ধু মোবাইল ম্যাসেজটি তাকে পাঠায়। পরে সে এটি অন্য বন্ধুদের পাঠাতে গেলে ভুলে তার মোবাইলে সেইভ থাকা এস আই সুনীলের মোবাইল নাম্বারে ম্যাসেজটি চলে যায়। ভুল হয়ে গেছে বুঝতে পেরে এ ঘটনায় আমি তার কাছে মোবাইলে ফোন করে ক্ষমাও চেয়েছি।