দৌলতপুরে অস্ত্রসহ জনযুদ্ধের দুই ক্যাডার গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ দুই চরমপন্থীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ও দৌলতপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলাধীন খলিশাকুন্ডি বাজার সংলগ্ন মাথাভাঙ্গা সেতুর পশ্চিম প্রান্তে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনি্ষ্ট পার্টির (এমএল) জনযুদ্ধের মেহেরপুর জেলার প্রধান আশরাফুল ইসলাম পাঞ্জাব (৩৫) ও তার প্রধান সহযোগী রুহুল আমীনকে (৩২) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা জনযুদ্ধকে সংগঠিত করার পাশাপাশি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। আশরাফুল ইসলাম পাঞ্জাবের বাড়ি গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে ও রুহুল আমীনের বাড়ি দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।