ভালুকায় জমি নিয়ে সংঘর্ষ আহত ১০

বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে । এদের মাঝে গুরুতর আহত হাসমত আলীকে (৫০) ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকা উপজেলার চামিয়াদি এলাকায় । জানা যায়, উপজেলার বনগাঁও মৌজার ১৯০ দাগে ১ একর ৫০ শতাংশ জমি নিয়ে একই এলাকার সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের পুত্র হাসমত আলীর সাথে বর্তমান চেয়ারম্যান ইসাহাক আলীর ভাতিজা লাল মিয়ার দীর্ঘদিন যাবত্ বিরোধ । ঘটনার দিন সকালে হাসমত আলি বিরোধপূর্ণ ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ লাল মিয়া বাধা দেয় । এ নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে লাল মিয়ার হাতে থাকা কুড়াল দিয়ে হাসমত আলীর মাথায় আঘাত করলে হাসমত আলী গুরুতর আহত হয় ।