যৌন হয়রানির অভিযোগ
ধুনটে শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৬
বগুড়ার ধুনটের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ এনে দ্বিতীয় দফা এ কর্মসূচি পালন করে। প্রকাশ, উক্ত শিক্ষক পাঠদানের সময় শ্রেণীকক্ষে ছাত্রীদের সাথে বিভিন্ন যৌন উত্তেজক বিষয়ে কথাবার্তা বলতেন এবং ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করতেন। এছাড়া গত ১ এপ্রিল ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করার কথা বলে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্র-ছাত্রীরা বুধবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ তারেক হেলাল জানান, এবিষয়ে মঙ্গলবার বিকালে ম্যানেজিং কমিটির এক জরুরি সভার আহবান করা হয়। সভায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিন দিয়ে সাত দিনের সময় দেয়া হয়েছে। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাত দিনের সময় মেনে না নিয়ে ওই শিক্ষককে তাত্ক্ষণিক চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলন করছে। তারা বৃহস্পতিবার ইউএনও অফিস ঘেরাও করে সেখানে বিক্ষোভ, মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।