কমলগঞ্জে শত্রুতাবশত পান গাছ কর্তন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৬
কমলগঞ্জ উপজেলার মাধবপুরে শত্রুতার বশে দ্বিতীয় দফায় একই মালিকের একটি পান জুমে ১২০টি পান গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে দু’দফায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন পান জুম মালিক। গত বুধবার রাতে উপজেলার মাঝেরছড়া পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গ্রামের আব্দুল বারিক ও আব্দুল খালিক দু’ভাই নিজস্ব ও লিজকৃত প্রায় তিন একর পাহাড়ি ভূমিতে লেবু বাগানের মাঝে গাছে গাছে খাসিয়া পান জুম গড়ে তোলেন। জুম থেকে পান বিক্রি করে তারা সাফল্যও লাভ করছেন। জুম মালিক আব্দুল বারিক ও তার ভাই আব্দুল খালিক অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তাদের বাড়ির পার্শ্ববর্তী শাহজাহান মিয়া, লুত্ফুর মিয়াসহ কতিপয় দুষ্কৃতকারীরা প্রথম দফা গত ২৮ ডিসেম্বর রাতে তাদের জুমের ৩শ’টি পান গাছের গোড়া কেটে দিলে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় তারা কমলগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা আরও বলেন, এরপর দ্বিতীয় দফা বুধবার ভোররাতে ঐ দুষ্কৃতকারীরা পান জুমের ১২০টি বড় বড় গাছের গোড়া কেটে দেয়। এতে তাদের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় পান জুম মালিক আব্দুল বারী বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।