‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
চার লেনের কাজ দ্রুত
শেষ করার অনুরোধ’
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:৪৩
চট্টগ্রাম অফিস
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ আঞ্চলিক ও অভ্যন্তরীণ বাণিজ্য সমপ্রসারণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ দ্রুত শেষ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। ২১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার সিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম এ অনুরোধ জানান। চার লেনের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি অগ্রাধিকার ভিত্তিতে এ কাজ শেষ করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে সিসিসিআই সভাপতি বন্দরের গতিশীলতা বাড়াতে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চ সুদের কারণে দেশে খাদ্য আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন। নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের বিনিময়ে শিল্প মালিকদের কাছ থেকে চড়া মূল্য আদায় করা হচ্ছে, এমন অভিযোগ এনে তিনি দেশে কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করতে সরকার প্রতি আহবান জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন—জাফরুল ইসলাম চৌধুরী এমপি, এমএ লতিফ এমপি ও সাইফুজ্জামান চৌধুরী এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—চেম্বারের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।